দিল্লির দাস কোনো দলের বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জাতীয় পার্টির ‘না’ ভোটের পক্ষে প্রচারণা ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই–এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লির দাস কোনো রাজনৈতিক দল কী বলল বা না বলল, তাতে কিছু যায় আসে না। জামায়াতে ইসলামী, বিএনপি ও এনসিপিসহ দেশের সব গুরুত্বপূর্ণ দলই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
রোববার বিকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র বলেন, সংস্কারের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে দলটি সারা দেশে পদযাত্রা শুরু করেছে। এই কর্মসূচির অংশ হিসেবেই রংপুরে এসে প্রথমে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়েছে। তিনি জানান, এনসিপি ৩০টি আসনে নির্বাচনে প্রার্থী দিলেও ২৭০টি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অ্যাম্বাসাডর নিয়োগ করেছে। ফলে ৩০০ আসনেই দলটির নির্বাচনি কার্যক্রম চলছে।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। এসব বিষয় এনসিপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি। কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা হলে তা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


