নরসিংদীতে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি রাকিব ওরফে এ্যাংকাকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে তিনটি ওয়ান সুটারগান, চারটি গুলি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামি রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের চর মেঘনা গ্রামের বাসিন্দা।
সোমবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান , রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চরাঞ্চলের ‘শীর্ষ সন্ত্রাসী’ ও একাধিক মামলার আসামি রাকিব ওরফে এ্যাংকা চরমেঘনা গ্রামে তার নিজ বাড়িতে অবস্থান করছেন বলে পুলিশ জানতে পারে। পরে বিষয়টি পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল-ফারুককে জানানো হলে তার নির্দেশে রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান সরকার ও রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে আসামিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র, হত্যা, চাঁদাবাজি, দস্যুতাসহ নয়টি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত আসামি। এ ব্যাপারে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।


