বগুড়ায় পরিত্যক্ত পুকুরে এক নবজাতকের মরদেহ পাওয়া গেছে। শনিবার সকালে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা ও সৎ পিতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। আটক ব্যক্তিরা হলো শেখেরকোলা উত্তরপাড়া গ্রামের নুরা মিয়ার পুত্র দুলাল মিয়া (৩০) ও তার স্ত্রী নিপা বেগম (২৫)।
একই গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, এদিন সকাল ৮টার দিকে মিস্টার নামের এক ব্যক্তি পুকুরে ঘাস ধুতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির মা কিছুদিন আগেই দুলাল নামক এক ব্যক্তিকে বিয়ে করেন। এই শিশুটি তার আগের স্বামীর হতে পারে, তাই মান-সম্মানের ভয়ে প্রসবের পরই নিপা ও তার বর্তমান স্বামী নবজাতককে গলাকেটে হত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী গণমাধ্যমকে জানান, সকালে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুকুর থেকে ভাসমান অবস্থায় নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিশুটির মা নিপা বেগমকে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে সে ঘটনার কথা স্বীকার করে। অধিকতর তদন্তের জন্য সৎ পিতাসহ অভিযুক্ত মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।


