নড়াইলে এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের চাকই বাজার এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন।
গ্রেপ্তার ইমামের নাম আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭)। তিনি উপজেলার রুখালী গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে এবং চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম।
ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মসজিদেই থাকতেন ইমাম আমিনুল ইসলাম। প্রতিদিন ভোর বেলায় ফজরের নামাজের পরে এলাকার ছেলে-মেয়েদের মসজিদের বারান্দায় আরবি পড়ান। বাদীর মেয়ে ও স্থানীয় আরও দুই মেয়ে প্রতিদিন সকালে সেখানে পড়তে যায়।
গত ৫ জুন বাদীর শিশুকন্যকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন আমিনুল। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেন। শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায়। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেন। পরে শিশুর বাবা বাদী হয়ে মামলা করেন।
ওসি অজয় কুমার কুন্ডু বলেন, ‘আমিনুল যৌন হয়রানি করতেন বলে প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বীকার করেছেন।’


