নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার কোটাখাল ইউনিয়নের কোটাখোল খেয়াঘাটে মধুমতি নদী থেকে মঙ্গলবার রাতে মরদেহটি উদ্ধার করে বড়দিয়া ফাঁড়ির নৌ-পুলিশ। ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে লোহাগড়া উপজেলার কোটাখোল খেয়াঘাট এলাকায় মধুমতি নদীতে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে তারা বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোন এলাকা থেকে মরদেহটি নদীতে ভেসে এসেছে।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই এনায়েত জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ৫০ শয্যা বিশিষ্ট নড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।


