নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নড়াইলে জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ
জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ
Advertisement
Advertisement

নড়াইল সদর উপজেলায় এক জামায়াত নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার ভোরে উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই জামায়াত নেতার নাম আহসান আজিজুল হাকিম (৩২)। তিনি জামায়াতের বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক। জানা গেছে, তিনি নড়াইল-১ আসনে পরাজিত প্রার্থী ওবায়দুল্লা কায়সারের নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন।

হাকিমের দাবি, শুক্রবার রাত প্রায় ১২টার দিকে তার বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করছিলেন। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যান। পরে ভোরের দিকে বিকট শব্দ শুনে জানালা খুলে দেখেন, তার ব্যবহৃত মোটরসাইকেলটি জ্বলছে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।

আরও পড়ুন

রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তার মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে। আমি সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা এ ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়।’ তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad