নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রামীণ ঐতিহ্যকে সমুন্নত রাখতে এবং নতুন প্রজন্মকে এ সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঘোড়দৌড় প্রতিযোগিতা। ঐতিহ্যবাহী এই আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যেখানে ভিড় জমায় হাজারো দর্শক।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার নারানদিয়া রেলস্টেশনের কাছের মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জয়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী, পুরুষ ও শিশুরা দলে দলে এসে জড়ো হতে থাকে। একসময় পুরো এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
এ সময় প্রতিযোগিতাকে ঘিরে রেলস্টেশনের আশপাশের এলাকায় বসে গ্রামীণ মেলা। মেলায় রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেন স্থানীয় ব্যবসায়ীরা। শিশুদের খেলনা, মিষ্টান্ন, হস্তশিল্পসহ নানা ধরনের সামগ্রীতে জমে ওঠে কেনাবেচা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
নড়াইলসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা মোট ১২টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি দৌড়ে ঘোড়সওয়ারদের দক্ষতা আর গতির প্রতিযোগিতা উপভোগ করে উচ্ছ্বসিত দর্শকরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ বাপ্পী, খোকন সরদার, নাজমুল হুদাসহ আয়োজক কমিটির সদস্যরা এবং লোহাগড়া থানা পুলিশের কর্মকর্তারা।


