চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল ও নছিমনের সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম নাঈম (১৩)।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বন্ধু রাফিদ (১৬) আহত হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত নাঈম সদর উপজেলার জয়রামপুর নতুনপাড়া গ্রামের সাজিরুল ইসলামের ছেলে এবং জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে ৮টার দিকে নাঈম ও তার বন্ধু রাফিদ মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। তারা দামুড়হুদা উপজেলার জয়রামপুর নতুনপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে দুইজনই গুরুতর আহত হয়। এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা। পরে রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের মৃত্যু হয়।
নিহতের বাবা সাজিরুল ইসলাম জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে ঘুরতে গিয়েই এ দুর্ঘটনা ঘটে।


