রাজধানীর ধানমন্ডি এলাকার মিরপুর সড়কে ‘জুলাই যোদ্ধাদের’ একাংশ বিক্ষোভ ও অবরোধ করেছেন। এতে সেখানে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শুক্রবার দুপুর সোয়া ২টার পর তারা ধানমন্ডি-২৭ নম্বর এলাকার ‘রাপা প্লাজার’ সামনে জড়ো হন। এর আগে তাদের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠি হাতে বিক্ষোভকারীরা অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য যানবাহন থামিয়ে দিচ্ছেন।
অন্য একটি অংশ সংসদ ভবনের নিরাপত্তা বেষ্টনির বাইরে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
এর আগে, বেলা দেড়টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে ‘রণক্ষেত্র’ সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান ‘জুলাই যোদ্ধারা’। তাদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দিতে লাঠিচার্জ করে পুলিশ, ছোড়ে সাউন্ড গ্রেনেডও।
জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন বিক্ষোভকারীরা। এসময় বেশ কয়েকজন আহন হন, আগুন ধরিয়ে দেওয়া হয় সনদ সই অনুষ্ঠান উপলক্ষ্যে তৈরি করা তাঁবুসহ বিভিন্ন সরঞ্জামে। এক ঘণ্টার বেশি সময় ধরে চলে পাল্টাপাল্টি ধাওয়া, লাঠিচার্জ, ইট-পাটকেল নিক্ষেপ। পরে বেলা পৌনে ৩টার দিকে পুরো এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। সংসদ ভবন এলাকার নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় সেনাবাহিনী।
জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেন ‘জুলাই যোদ্ধারা’।


