ঢাকার আলাদা স্থান থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়ক থেকে এদের আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপকমিশনার মো. মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুইজন হলেন, শেখ ফরহাদ (৩৮) ও তন্ময় সাহা (২৯)।
এদের মধ্যে ফরহাদ ফরিদপুরের গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং তন্ময় ফরিদপুর সদর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বরে ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় এই দুজনকে আটক করা হয়েছে।
যুবলীগ হলো বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন। গত ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগসহ এর সব অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করে সরকার।


