যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ‘এ দেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। অথচ দেশের মানুষ সেটি চায় না।’
রোববার চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিক পাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখতে হবে। দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল, বিলুপ্ত গণতন্ত্রকে বারবার বিএনপির নেতৃত্বে পুনরুদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দেশে ছাত্র-গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছে, রাজপথে রক্ত দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ ও একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।’
সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা ও শহীদের আকাঙ্ক্ষা পূরণের জন্য দেশ গড়তে ধানের শীষে ভোট চেয়েছেন বিএনপির এই প্রার্থী।
তিনি বলেন, ‘আমরা অবাস্তব কিছু বলছি না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মক্ষম হাতের সৃষ্টি করতে চাই। আমরা ১৮ কোটি মানুষের ৩৬ কোটি কর্মের হাত হিসেবে তৈরি করতে চাই।’
নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরে সালাহউদ্দিন বলেন, ‘আমরা পরিবেশের জন্য বলছি বৃক্ষরোপণ করব, খাল খনন করব, প্লাস্টিকের দূষণ ও ব্যবহার কমাব। এ নিয়ে বিএনপির অনেক পরিকল্পনা রয়েছে। অথচ অন্যান্য দল যারা মাঠে রয়েছে তাদের কোনো পরিকল্পনা নেই দেশের মানুষের জন্য। তারা ব্যস্ত দেশে ধর্মীয় বিভাজন তৈরিতে।’
তিনি আরও বলেন, ‘বিগত সময়ে দেশে অর্থনৈতিক যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, তা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে বিএনপি।’
এ কারণে তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় নেতাকর্মীরা।


