ব্রাজিলের প্রেসিডেন্টের পররাষ্ট্রবিষয়ক প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও সম্পর্ক উন্নয়নে একমত হয়।
স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলের প্রেসিডেন্ট প্যালেসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে উপদেষ্টা পর্যায়ে নিয়মিত মাসিক বৈঠক করতে উভয় পক্ষ সম্মত হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি ও আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করে উভয় দেশ।
বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যকার প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারের বিদ্যমান দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বাংলাদেশ-ব্রাজিল সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।


