কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্রসহ সৈকত ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি পাকুড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশের একটি দল ভাগজত বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সৈকতকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।