দেশে হাম পরিস্থিতির এখনো তেমন উন্নতি হয়নি। গত ২৪ ঘন্টায় সারা দেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১ হাজার ১৮৬ জন রোগীর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। যাদের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫৯ জনের।
মঙ্গলবার সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর থেকে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
হাম পরিস্থিতি ও আক্রান্তের পরিসংখ্যানের ওপর স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গসহ রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এ ছাড়া নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।
বিভাগীয় পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহভাজন ৫৪৫ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৪ জন এবং রাজশাহীতে ১৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগে প্রাদুর্ভাবের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। ঢাকায় এ সময়ের মধ্যে সর্বোচ্চ ১৯ হাজার ৫০২ জন রোগীর হাম শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
একই সময়ের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৯৮৯ জন রোগী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে ২৯ হাজার ৮৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ হাজার ৩৬৮ জন । বর্তমানে বরিশাল বিভাগে ৯৭ জন, চট্টগ্রামে ১৯৭ জন এবং ঢাকায় ৪১৭ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যদিকে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে আরও চারজনের। যাদের মধ্যে সিলেটে দুইজন, খুলনায় একজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
এই রোগের বিস্তার রোধে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত সারা দেশে মোট ১৬ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৭৩৭ জনকে টিকা দেওয়া হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১০১ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫ লাখ ২৬ হাজার ৯ জন শিশুকে এ টিকা দেওয়া হয়েছে ।


