বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক ইনসুলিন কার্ট্রিজ বা পেনফিল স্থানীয়ভাবে উৎপাদন শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং ডেনমার্কের কোম্পানি নভো নরডিস্ক যৌথভাবে এই উৎপাদন কার্যক্রম চালু করেছে।
এতদিন নভো নরডিস্ক তাদের জনপ্রিয় ও আধুনিক ইনসুলিন–যেমন নভোমিক্স ও নভোর্যাপিড–বিদেশ থেকে আমদানি করত। এখন ডেনমার্ক থেকে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে একই মান বজায় রেখে এই ইনসুলিনগুলো বাংলাদেশেই তৈরি করা হবে। তবে মান নিয়ন্ত্রণে কোনো আপস করা হবে না; উৎপাদিত প্রতিটি ব্যাচ ডেনমার্কে পরীক্ষা ও যাচাই করা হবে।
স্থানীয়ভাবে উৎপাদন শুরু হওয়ায় বাজারে এই জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ যেমন বাড়বে, তেমনি এর দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নভোমিক্স ও নভোর্যাপিড ইনসুলিনের দাম প্রায় ১৮ শতাংশ পর্যন্ত কমতে পারে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এই উদ্যোগ স্বাস্থ্যখাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের ওষুধ সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. শামীম হায়দার ইনসুলিনের মতো সংবেদনশীল ওষুধের গুণমান ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এই অংশীদারত্বকে স্থানীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে অভিহিত করেছেন।
বর্তমানে বাংলাদেশে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং ২০৪৫ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ২০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে সাশ্রয়ী দামে মানসম্মত ইনসুলিন নিশ্চিত করা এখন সময়ের দাবি। এই নতুন উদ্যোগ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বড় মাইলফলক হয়ে থাকবে।


