দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মোবাইল ফোন ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
বুধবার রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
মোবাইল ফোন বিক্রির দোকান সুমাশ টেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তুলে নেওয়ায় এবং এনইআইআরের (মোবাইল ফোনের নিবন্ধন) নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে বলে জানায় সংগঠনের নেতারা।
এ সময় অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে মুক্তি না দিলে সারা দেশে কঠোর আন্দোলনসহ দেশ অচল করে দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
গত মঙ্গলবার রাতে সুমাশ টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) নিয়ে গেছে বলে অভিযোগ করে তার পরিবার। পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে একদল লোক মিরপুর–১ এলাকার বাসা থেকে তার স্বামীকে তুলে নিয়ে যায়।
এ সময় তারা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করে বলে জানান তিনি।
আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু করার পরিকল্পনা করছে সরকার। এনইআইআর এমন একটি কেন্দ্রীয় ব্যবস্থা, যা প্রতিটি হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) নম্বরকে ফোনটির ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করবে।
এ ব্যবস্থা চালু হলে দেশের অনিবন্ধিত স্মার্টফোনের ব্যবহার রোধ ও টেলিযোগাযোগ খাতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।


