ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে জাতি আমাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।’
শনিবার দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার পূরণ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘দুই-চার কলাম লেখার জন্য প্রায় সাড়ে নয় বছর নির্বাসনে থাকতে হয়েছে, আয়নাঘরে থাকতে হয়েছে, নির্যাতনে কারাগারে থাকতে হয়েছে। কিন্তু কখনো সংগ্রামের পথ থেকে পিছাইনি।’
তিনি বলেন, ‘একসময় “আমার দেশ” সম্পাদক মাহমুদুর রহমান ও আমি পিজি হাসপাতালের (বর্তমান নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) প্রিজন সেলে ছিলাম। করোনারি কেয়ার ইউনিটের একটি সেলে আমাদের রাখা হয়েছিল। আমরা একে অপরকে দেখতে পেতাম। তিনি তখন অনশন করছিলেন। আমি অনেক বুঝিয়েছিলাম, আপনি মারা গেলে শেখ হাসিনা খুশি হবে, দয়া করে অনশন ভঙ্গ করুন। পরে মুরুব্বিরা গিয়ে ছয়-সাত দিন পর তার অনশন ভাঙেন।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজ আমরা ছাত্রদের অভ্যুত্থানের গৌরবময় ইতিহাস শুনলাম, রক্তঝরা দিনগুলোর স্মৃতি মনে করলাম। এই অতীতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হবে। আমাদের সন্তানদের জন্য একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা গড়ে তোলাই হবে দায়িত্ব।’


