স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। মঙ্গলবার সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এডহক কমিটিও গঠন করেছে এনএসসি। সন্ধ্যায় দায়িত্ব বুঝে নিতে বিসিবি কার্যালয়ে আসেন তামিম। এরপর এডহক কমিটির বাকি সদস্যদের সাথে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, দেশের ক্রিকেটের সুনাম ফেরাতে চান তিনি।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলন কক্ষে তামিম আসেন কমিটির দুই সদস্য তানজিল চৌধুরী ও রফিকুল বাবুকে নিয়ে। সেখানে সাংবাদিকদের কোনো প্রশ্নের সুযোগ না দিয়ে প্রেস ব্রিফিংয়ের শুরুতে তামিম বলেন, ‘আজকে আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যেটা প্রথমেই মনে করি, এখানে যখনই এরকম কেউ দায়িত্ব পান তখন ডেভেলপমেন্টের কথা বলেন বা বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি এবং আমার টিমের সবাই ব্যক্তিগতভাবে মনে করে, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের সুনাম ঠিক করা। গত এক দেড় বছরে সুনাম যেভাবে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের ক্রিকেটের, এই ক্রিকেটের সুনামটা ঠিক করা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
মঙ্গলাবার এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, এই এডহক কমিটির দায়িত্ব হবে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া। এই প্রসঙ্গে তামিম জানান, সততার সাথে তার এডহক কমিটি নির্বাচনী দায়িত্ব পালন করতে চায়।
বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে আনা হয়েছে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা তিন মাসের মধ্যে। চেষ্টা করব সততার সাথে যত দ্রুত সম্ভব এই দায়িত্ব পালনের।’


