দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির মিথ্যা বুলি আওড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়েত ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শরীয়তপুরের আহত চিকিৎসককে দেখতে গিয়ে একথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, অতীত সরকারের অদূরদর্শী কর্মকাণ্ডে ও সিদ্ধান্তে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। হাসপাতালের নিরাপত্তা বিঘ্নিত হলে সেবা নিশ্চিত করতে পারবেন না চিকিৎসকরা।
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খারাপ। কিন্তু সরকার এটি স্বীকার করছে না, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
তিনি আরও বলেন, শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলায় চিকিৎসক নাসির ইসলাম গুরুতর আহত হয়েছেন। রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে এ হামলা করা হয়, যা অত্যন্ত নিন্দনীয়।
তার ভাষায়, “এটি তদন্তের বিষয়। কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না। এতে একটি সভ্য সমাজ গড়ে উঠতে পারে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বাস্থ্য খাতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “সব সরকারই ক্ষমতায় এসে বলে আগের চেয়ে আইনশৃঙ্খলা ভালো। কিন্তু এই ‘আগেটা আসলে কার সময়—তা বোঝা যায় না।”


