গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে কোনো আশ্রয় দেওয়া হবে না। জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।
রোববার রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং নগর উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মো. নজরুল ইসলামও উপস্থিত ছিলেন।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা মন্ত্রণালয় সামাল দেবে। কর্মকর্তারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন। বেআইনি কোনো বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। তিনি সবাইকে নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসন ব্যবস্থার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সম্মিলিতভাবে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ গ্রহণ করা গেলে তাদের জীবনমান উন্নয়ন সম্ভব।


