ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শী রিকশাচালক মো. কামাল হোসেন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাকে আদালতে হাজির করে সাক্ষ্য নেওয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘মামলাটি একটি চাঞ্চল্যকর “হত্যা মামলা”। ঘটনাকালে হাদি সাক্ষী কামাল হোসেনের অটোরিকশায় করে মতিঝিলের খলিল হোটেল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে যাত্রা করার সময় গুলিবিদ্ধ হন। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সাক্ষী স্বঃতস্ফূর্তভাবে তার বক্তব্য আদালতে প্রদান করতে ইচ্ছুক।’
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাক্ষ্য নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার সাক্ষ্য নেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ।
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে মারা যান ওসমান হাদি।
গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলাটি করেন। পরবর্তীতে মামলাটিতে ৩০২ ধারা যুক্ত হয়েছে। এ মামলার পর ১১ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আসামিরা হলেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ, তার বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা ও তার শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-কার ব্যবসায়ী মুফতি মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির, ‘ভারতে পালাতে’ সহযোগিতাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম এবং আত্মগোপনে সহায়তাকারী আমিনুল ইসলাম রাজু।
তাদের মধ্যে হুমায়ুন ও হাসি দায় স্বীকার করে সাক্ষ্য দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। তবে প্রধান আসামি ফয়সালের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।


