বিএনপি-বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব বলে মন্তব্য করেছেন ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেছেন, ‘আমি ভোলাকে সিঙ্গাপুর বানাতে পারব না, তবে ভোলার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং জীবনযাত্রার মান কীভাবে উন্নত করা যায়; সে ব্যবস্থা করব। এ ক্ষেত্রে কোনো হিংসা বা বিদ্বেষের রাজনীতি নয়, বিএনপি ও বিজেপি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।
শনিবার বিকালে ভোলা শহরের নতুন বাজার এলাকায় জেলা বিজেপি কার্যালয়ের সামনে গরুর গাড়ি প্রতীকের গণসংযোগ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘একসময় এমন দিন ছিল, যখন শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলতাম। তখন বাংলাদেশে অনেকে সাহস করত না।’
তিনি আরও বলেন, ‘আমরা কারও সঙ্গে মারামারি বা হানাহানি করব না। হাতপাখা ও দাঁড়িপাল্লাসহ যারা ভোলা সদর আসনে নির্বাচন করছেন–তাদের কারও সঙ্গে কোনো বিভেদ নেই। আসুন, সবাই মিলে একটি সুন্দর ও বাসযোগ্য ভোলা গড়ি।’
নির্বাচনী পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘আগামীতে একে অপরের প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনী বৈতরণি পার হবো। ভোলার মানুষ যাকে নির্বাচিত করবেন, তাকে স্বাগত জানাব। কারও প্রতি অন্যায় করব না, প্রতিশোধের রাজনীতিও করব না। সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও সুন্দর ভোলা গড়ে তুলব।’
বিএনপির নেতাকর্মীদের অবদানের কথা স্মরণ করে পার্থ বলেন, ‘একসময় বিএনপি ভোলা জেলা সভাপতি গোলাম নবী আলমগীর চাচাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি ১৭ বছর ধরে ভোলায় বিএনপির জন্য কাজ করেছেন। বিএনপির অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, রক্ত ঝরেছে, জীবন চলে গেছে। এখন দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। বিএনপি-বিজেপি ভাই ভাই–ঐক্যের কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘এই ভোলায় যদি এমপি হতে পারি, তাহলে গোলাম নবী আলমগীর চাচাকে মাথায় রেখে কাজ করব। ভোলায় আসার আগে তার সঙ্গে দেখা করে ভোলার মাটিতে পা দিয়েছি। আসুন, সব ভেদাভেদ ভুলে গিয়ে গরুর গাড়ি প্রতীককে বিজয়ী করার জন্য মানুষের কাছে যাই এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।’
নিজের ও পরিবারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘মনে রাখবেন, এই ভোলায় আমার বাবা নাজিউর রহমান মঞ্জু কখনো অন্যায় করেননি। আমিও করব না, কথা দিচ্ছি। ১২ ফেব্রুয়ারি আপনারা তাকেই ভোট দেবেন, যিনি আপনাদের জন্য একটি মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু এনে দিতে পারবেন, ভোলাকে সন্ত্রাসমুক্ত করতে পারবেন।’
এর আগে, শনিবার দুপুরে ঢাকা থেকে বরিশাল হয়ে ভোলার খেয়াঘাটে পৌঁছালে আন্দালিব রহমান পার্থকে ঘিরে নেতাকর্মীদের ঢল নামে। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা ফুলের তোড়া, পোস্টার, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে তাকে স্বাগত জানান।
এ সময় বিজেপি ভোলা জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোত্তাছিম বিল্লাহসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোলা সদর আসনে বিজেপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


