বজ্রপাতে দেশের দুই জেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারে দুইজন ও নেত্রকোনায় একজন। শুক্রবার বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের তালেব মিয়া (৪০), কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা স্বপন মুন্ডা ও নেত্রকোনার আটপাড়ার সোলেমান মিয়া (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি ও বজ্রপাত হয়। বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে বজ্রপাতের তীব্রতা ছিল অনেক বেশি। এ সময় ধান খেতে কাজ করছিলেন কৃষক তালেব মিয়া। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া এলাকায় রাবার বাগানে কাজ করছিলেন স্বপন মুন্ডা। আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়।
অন্যদিকে, নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে সোলেমান হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম জানান, ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে।


