ঢাকার মহাখালীর আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
শনিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সকাল ৮টার দিকে রফিক (৩৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, বাস যাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০)।
ফায়ার সার্ভিস সদস্যরা ও নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, ভাটি বাংলা এক্সপ্রেস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রী ও হেল্পার আহত হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রনি আরও জানান, নিহত রফিক ওই গাড়ির হেলপার। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। ৩ দিন আগে কাজে এসেছিল সে। আজ সকালেই বাড়ি ফেরার কথা ছিল তার।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


