ভারতের রাজধানী দিল্লির অন্যতম হাই-প্রোফাইল এলাকায় একটি গাড়ি বিস্ফোরণে অন্তত আট জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ছিন্নভিন্ন মৃতদেহ ও বিধ্বস্ত গাড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
দিল্লি পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বিস্ফোরণটির মাত্র অত্যন্ত শক্তিশালী ছিল। প্রতিবেদন অনুযায়ী, লাল কেল্লার কাছের একটি ট্রাফিক সিগন্যালে একটি হুন্দাই ১২০ মডেলের যাত্রীবোঝাই গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের অন্তত ২২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
লাল কেল্লা বা লাল কিলা ভারতের রাজধানীর জনাকীর্ণ পুরনো দিল্লি এলাকায় অবস্থিত। এটি দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
এই বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
ফুটেজে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে, অন্য একটির উইন্ডস্ক্রিন চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং মাটিতে পড়ে আছে থেঁতলে যাওয়া মরদেহ।
দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের বিষয়ে একটি ফোন কল আসে।
ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক বলেন, ‘আমরা খবর পাই যে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ‘
শেষ খবর পাওয়া পর্যন্ত গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। তবে বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
বিস্ফোরণে আহত অটোচালক জিশান বলেন, ‘আমার সামনে ওই গাড়িটি প্রায় দুই ফুট দূরে ছিল। আমি জানি না এতে বোমা ছিল নাকি অন্য কিছু, কিন্তু এটি বিস্ফোরিত হয়।’
একজন প্রত্যক্ষদর্শী জানান, তাদের বাড়ির ছাদ থেকে আগুনের বিশাল গোলা দেখতে পেয়েছেন। বিস্ফোরণের আশপাশের ভবন ও জানালা-দরজা কেঁপে ওঠে।
বিস্ফোরণটি এমন এক দিনে ঘটল যেদিন ঘটনাস্থল থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরকের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। এটি বিহারে দ্বিতীয় দফার ভোটের ঠিক আগের দিনও বটে।


