বাংলাদেশ শান্তি ও সহযোগিতামূলক আঞ্চলিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ, তবে কখনো সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ মেনে নেবে না। বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’র একথা বলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
দিল্লির সুশমা স্বরাজ ইন্সটিটিউট অব ফরেন সার্ভিসে অনুঠিত সংস্থাটির ৭ম সম্মেলনে ভারত মহাসাগরীয় দেশগুলোর নিরাপত্তা উপদেষ্টাগণ অংশ নেন।
বৈঠকের উদ্বোধনী ভাষণে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন, ভারত মহাসাগর হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় ঐতিহ্য এবং সদস্য দেশগুলোর অর্থনীতির কেন্দ্রবিন্দু। এই অঞ্চলের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা সদস্য দেশগুলোর যৌথ দায়িত্ব। ভারত এই অঞ্চলের উন্নয়ন ও ভবিষ্যত নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান অজিত দোভাল।
বাংলাদেশের অবস্থান তুলে ধরে খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধিকে একটি যৌথ কৌশলগত অগ্রাধিকার হিসেবে দেখে।
তিনি বলেন, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য প্রবাহ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত উন্নতি এবং কৌশলগত গতিশীলতা সব কিছুই ভারত মহাসাগরে মিলিত হচ্ছে, যা অঞ্চলের যৌথ স্বার্থ নির্ধারণ করছে। বাংলাদেশ একটি খোলামেলা, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক পরিবেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি টেকসই উন্নয়ন, বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, মানবিক সাহায্য এবং মৌলিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। বলেন, এই সহযোগিতার ভিত্তি হবে সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি সম্মান প্রদর্শন।


