দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসার নাম ব্যবহার করে বিএনপি প্রার্থীসহ দুই নেতার কাছে চাঁদাবাজি মামলায় দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রলেরবাড়ি চরহোসেনপুর গ্রামের জুনায়েদ খন্দকার (২৪) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের হিমেল (২২)।
আনোয়ার হোসেন জানান, প্রতারক চক্রটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়া ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান সরকারের কাছে নিজেদের পুলিশ সুপার জেদান আল মুসার পরিচয় দিয়ে যোগাযোগ করেন। নির্বাচনকালীন সময়ে দিনাজপুর-চিরিরবন্দর সড়কে পুলিশ বক্স স্থাপন করা হবে বলে মিথ্যা কথা বলে বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নেন আসামিরা।
পরবর্তীতে বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগীরা বিষযটি পুলিশ সুপারকে জানান। পরে পুলিশ অভিযানে নামলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও বলেন, এই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছেন। তারা সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং সরকারি উচ্চপদস্থ থেকে নিম্নপদস্থ কর্মকর্তাদের টার্গেট করেন। মোবাইলে ভয়ভীতি প্রদর্শন, উন্নয়নমূলক কর্মকাণ্ডের মিথ্যা আশ্বাসসহ নানা কৌশলে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেন তারা।
সম্প্রতি সময়ে চক্রটি দিনাজপুরের বিভিন্ন এলাকায় নতুন করে প্রতারণা চালানোর পরিকল্পনাও করছিল।
এ ঘটনায় দিনাজপুর চিরিরবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই প্রতারকের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সহযোগীদের শনাক্ত করা হয়েছে। তাদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে বলে যোগ করেন আনোয়ার হোসেন।


