দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
সংবাদমাধ্যম সিবিএস-এর খবরে বলা হয়, রোববার জোহানেসবার্গের বাইরে বেকার্সডালের একটি টাউনশিপে এ হামলা চালান সন্দেহভাজন হামলাকারী।
পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, জোহানেসবার্গ থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকার্সডালের একটি ট্যাভার্ন বা ছোট বারের কাছে এই হামলা চালানো হয়। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
এলাকাটি দক্ষিণ আফ্রিকার কয়েকটি বড় সোনার খনির কাছাকাছি অবস্থিত একটি দরিদ্র অঞ্চল।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘অজ্ঞাত বন্দুকধারী এলোপাতারি গুলি ছুড়েছেন। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।’
গৌতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি এএফপি-কে বলেন, ‘হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের সবার পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।’
এ মাসে সাউথ আফ্রিকায় বন্দুক হামলায় সর্বোচ্চ হতাহতের দ্বিতীয় ঘটনা এটি। এর আগে, ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে সোলভিল টাউনশিপের একটি অবৈধ বার বা শিবিনের ভেতরে হামলা চালায় একদল বন্দুকধারী। তাদের এলোপাতারি গুলিতে তিন শিশুসহ অন্তত ১২ জন নিহত হন। ওই হামলায় আহত হন ১৩ জন।


