ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, ‘১৫ অক্টোবর ২০২৫ তারিখে ভারতের ত্রিপুরায় একটি জনতা কর্তৃক তিন বাংলাদেশি নাগরিককে নৃশংসভাবে পিটিয়ে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে বাংলাদেশ সরকার।’
‘এই জঘন্য কাজ মানবাধিকার এবং আইনের শাসনের এক অগ্রহণযোগ্য ও গুরুতর লঙ্ঘন। বাংলাদেশ সরকার এই নিন্দনীয় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। পাশাপাশি অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং এই ধরনের অমানবিক কাজের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।’
একইসঙ্গে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানানো হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।
বাংলাদেশ সরকার জোর দিয়ে বলছে যে, সীমান্তের যে পাশেই থাকুক না কেন জাতীয়তা নির্বিশেষে সবার পূর্ণ মানবাধিকার সুরক্ষার অধিকার রয়েছে।
এর আগে ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিককে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। নিহতরা সবাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার তিন বাংলাদেশি দুই-তিনদিন আগে ভারতে প্রবেশ করেন। এ সময় স্থানীয় ভারতীয় নাগরিকরা গরু চোর সন্দেহ করে তাদের ওপর হামলা করে।
ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বর্তমানে মরদেহগুলো ভারতের খোয়াই জেলার সাম্পাহার থানায় রয়েছে।


