বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি সালমান শাহ ও শাবনূর অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘তোমাকে চাই’ এবার বড়পর্দায় উপভোগ করার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সিনেমাটির উন্মুক্ত প্রদর্শনী। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্মাতা মতিন রহমান পরিচালিত ‘তোমাকে চাই’ মুক্তির পর থেকেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে সালমান শাহ ও শাবনূরের রসায়ন এখনও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে আলাদা আবেগের নাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা বড়পর্দায় সিনেমাটি আবার উপভোগ করতে চান, তারা নিজ দায়িত্বে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে চলচ্চিত্রপ্রেমী ও সালমান শাহ ভক্তদের মধ্যেও তথ্যটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।


