চাকরিতে একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হওয়ার দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি স্থগিত করে ফের তাদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মাদ মাহমুদুল হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবি পূরণে সরকারের ইতিবাচক কার্যক্রম চলছে জানিয়ে কর্মবিরতির নামে রোগীদের সেবাবঞ্চিত না করার আহ্বান জানানো হয়।
সেখানে বলা হয়, ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দাবির বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল কর্মকাণ্ড ইতিবাচকভাবে সম্পন্ন করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে জানাচ্ছেন। তবে দীর্ঘদিনের পুরানো এ সমস্যা তা সমাধানের জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।’
আন্দোলনকারীদের দাবির ইতিবাচক সমাধানের কার্যক্রম চলার পরও দাবি আদায়ের নামে রোগীদের জিম্মি করে কর্মবিরতিতে থাকা স্বাস্থ্যসেবা কর্মীদের কাছ থেকে প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন মোহাম্মাদ মাহমুদুল হাসান।
এ সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি স্থগিত না করা হলে ‘জনস্বার্থ বিরোধী কার্যক্রমের’ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
এর আগে, ৩০ নভেম্বর ২ ঘণ্টা ও গত বুধবার ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। এ সময় ঢাকা মেডিকেলের বহির্বিভাগে জড়ো হয়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বিক্ষোভ করতেও দেখা যায়।
আন্দোলনরত নেতারা জানান, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলেও সে ফাইল জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রনালয়েই তা ঘুরপাক খাচ্ছে।
তাদের দাবি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্স ও ডিপ্লোমা কৃষিবিদরা এরইমধ্যে একাদশ গ্রেড থেকে দশম গ্রেডে উন্নীত হয়েছেন। কেবল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের যুক্তিযুক্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।


