প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তার মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে যা বিভ্রান্তিকর।
তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন রোববার সন্ধ্যায় বলেন, ‘তার অবস্থার তেমন পরিবর্তন হয়নি, তবে হৃদ্যন্ত্র কাজ করছে।’ তিনি সবার কাছে দোয়া চান।
পরিবার জানায়, ৮২ বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। ২০২৪ সালের শুরু থেকেই তাঁর শারীরিক অবস্থা অবনতির দিকে যায় এবং কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়। সর্বশেষ সেপ্টেম্বরের শেষ দিকে তাকে ভর্তি করার পর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলায় জন্মগ্রহণ করা তোফায়েল আহমেদ ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। তিনি ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন এবং মাত্র ২৭ বছর বয়সে ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধের সংগঠক, নয়বারের সংসদ সদস্য এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।


