ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও সম্প্রসারণ, রোহিঙ্গা সংকটের সমাধান এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে শফিকুর রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। আলোচনায় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়।
একইসঙ্গে সাংস্কৃতিক বিনিময়, শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত অংশীদারত্ব সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ভূ-রাজনৈতিক বিষয় নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় শফিকুর রহমান রোহিঙ্গা ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও তার সরকারের অব্যাহত সমর্থন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের স্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক পরিসরে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে প্রেসিডেন্ট এরদোয়ানের উদ্দেশে একটি সম্মানসূচক শুভেচ্ছাপত্র তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়। এ ছাড়া বাংলাদেশ সফরের জন্য তুরস্কের প্রতিনিধিদলকে অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মীর আহমাদ বিন কাসেম আরমান।


