বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেন জামায়াত আমির। এসময় জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে প্রথমে শোকবইয়ে স্বাক্ষর করেন ডা. শফিকুর রহমান। পরে তারেক রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। এতে তারেক রহমানকে সমবেদনা জানানোর পাশাপাশি তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ। জামায়াতের প্রতিনিধি দলে ডা. শফিকুর রহমান ছাড়াও ছিলেন ঢাকা-১২ আসনের দলটির প্রার্থী সাইফুল আলম খান মিলন, সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের ও মোবারক হোসেন।


