বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা সমাবেশে মোটরসাইকেল ও প্রাইভেট কারের শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)। বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
এছাড়া সংবর্ধনায় আসা নেতাকর্মীদের কোনো প্রকার ব্যাগ, লাঠি বা দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর সই করা এই বিজ্ঞপ্তিতে ২৫ ডিসেম্বর ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার বিশেষ নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুসারে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করে বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি। এ সময় বিমানবন্দর থেকে কুড়িল হয়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পর্যন্ত সড়ক পরিহার করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুসারে বিকল্প রাস্তা হিসাবে আব্দুল্লাহপুর থেকে গাবতলীগামী যানবাহন কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ হয়ে চলাচল করবে।
উত্তরা ও মিরপুর এলাকার বাসিন্দারা এয়ারপোর্ট সড়ক এড়িয়ে হাউজ বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর হয়ে খালপাড়–মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন–উত্তরা সেন্টার স্টেশন–মিরপুর ডিওএইচএস হয়ে মিরপুর বেড়িবাঁধ ব্যবহার করবেন।
গুলশান ও বনানী এলাকার যানবাহন গুলশান–১ ও পুলিশ প্লাজা হয়ে মহাখালী না গিয়ে কাকলী–গুলশান–২–কামাল আতাতুর্ক এভিনিউ ব্যবহার করবে।
কাঞ্চন ব্রিজ থেকে ঢাকাগামী যানবাহন পূর্বাচল এক্সপ্রেসওয়ের মল চত্বর থেকে বামে মোড় নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে চলাচল করবে।
মহাখালী থেকে গাবতলীমুখী যানবাহন মহাখালী বাস টার্মিনাল থেকে মিরপুর–গাবতলী সড়ক ব্যবহার করতে পারবে।
এ ছাড়া তেজগাঁও ও মিরপুর এলাকার যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের রাস্তা দিয়ে উত্তরা এলাকায় যাতায়াত করতে পারবে।
ডিএমপি বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে প্রয়োজন না হলে কোনো সহযোগী সঙ্গে না রাখার অনুরোধ জানিয়েছে।
ঢাকা–জয়দেবপুর যাতায়াতে ট্রেন এবং নগরীর ভেতরে চলাচলের জন্য মেট্রোরেল ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।


