পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঢাকা সফরের অংশ হিসেবে মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেন তারা।
এ সময় অন্তর্বর্তী সরকারের রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান শিনিচি।
তিনি জাপানের পক্ষ থেকে বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইএসডিপি) বা দক্ষ কর্মী তৈরির বিষয়ে জাপানের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং জাপানি ভাষা প্রশিক্ষণ প্রসারে যৌথ উদ্যোগের বিষয়ে ইতিবাচক মনোভাব জানান রাষ্ট্রদূত শিনিচি।
পররাষ্ট্রমন্ত্রী দক্ষ কর্মীদের জাপানি নিয়োগকারীদের সঙ্গে সহজে সংযুক্ত করার ওপর জোর দেন। এ লক্ষ্যে তথ্যপ্রাপ্তি বাড়ানো এবং একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম চালুর প্রস্তাব দেন তিনি।
বৈঠকে প্রতিরক্ষা সামগ্রী ক্রয়, মেট্রোরেল খাতে সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে পারস্পরিক সমর্থন নিয়েও আলোচনা হয়।
এ সময় সাইদা শিনিচি জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে জাপান সফরের আমন্ত্রণ জানান।
সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একই দিনে রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পরপরই জাপানের স্বীকৃতির বিষয়টি স্মরণ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের অব্যাহত সহায়তার প্রশংসা করেন তিনি।


