জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কতৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নব নিযুক্ত এডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সহ-সভাপতি রাজিব শুক্লা।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ নিজের একাউন্ট থেকে তামিমকে অভিনন্দন জানিয়ে রাজিব লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’
এর আগে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাদ দেয়ার জেরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। আইসিসির সাথে নানান আলোচনা শেষেও করতে পারেনি ভেন্যু বদল। ফলাফল, নিরাপত্তা ইস্যুতে তৎকালীন সরকারের নির্দেশে ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠায়নি বিসিবি। সেই ঘটনায় এক প্রকার শীতলতা নেমে এসেছিল দুই ক্রিকেট বোর্ডের সম্পর্কে। রাজিব শুক্লার এমন বার্তা অবশ্য আগামীর সুসম্পর্কের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করেছেন অনেকে।
অবশ্য গত নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়াতে মঙ্গলবার আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড ভেঙে দিয়েছে এনএসসি। তামিমের নেতৃত্বে নিযুক্ত করেছে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি, যাদের মূল দায়িত্ব আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিসিবির নেতৃত্ব বদল। এর আগে সদ্য সাবেক বিসিবির পরিচালনা পর্ষদ থেকে বিসিসিআইকে চিঠি পাঠানো হয় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ধারাবাহিকতা রক্ষার অনুরোধ জানিয়ে। সেই চিঠির উত্তর এখনো পায়নি বিসিবি।


