সব ধরনের তামাক পণ্যের দাম ও শুল্ক বাড়াতে অর্থ মন্ত্রণালয়ের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
রোববার গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রগতির জন্য জ্ঞান’ (প্রজ্ঞা) ও ‘অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স’ (আত্মা)-এর প্রতিনিধিরা সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ কথা জানান।
মন্ত্রী এ সময় বলেন, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণের জন্য সব ধরণের উদ্যোগ গ্রহণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।
প্রজ্ঞা ও আত্মার প্রতিনিধিরা এ সময় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাশের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মন্ত্রীর হাতে ধন্যবাদপত্র তুলে দেন।
প্রজ্ঞা ও আত্মার প্রতিনিধিরা বলেন, সংশোধিত আইনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশেপাশে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা এবং ডিজিটাল মাধ্যমে তামাক পণ্যের বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তবে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচ ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ দেওয়ায় তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন আসক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে।
প্রতিনিধি দলে ছিলেন আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, সদস্য শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন এবং প্রজ্ঞা’র পরিচালক মো. মনোয়ার হোসেন।


