রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান রোডে পূর্বশত্রুতার জেরে রাতে বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে ছেলে বাবুকে (২৬) সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাশেম সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বাবুর ফুপু আখতারী বেগম জানান, টাকা নিয়ে সন্ধ্যায় রাজীবের সঙ্গে কাশেমের হাতাহাতি হয়। পরে রাত সাড়ে আটটার দিকে কাশেমের বাড়ির সামনে গিয়ে রাজীব, সবুজ, রুবেল ও মোহনসহ আরও অজ্ঞাত কয়েকজন কুপিয়ে বাবা-ছেলেকে জখম করে। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে স্থানীয় সন্ত্রাসীরা কাশেম ও তার ছেলে বাবুকে কুপিয়ে জখম করে। পরে মুমূর্ষু অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাবুকে মৃত ঘোষণা করা হয় এবং গুরুতর আহত কাশেম চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।


