কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’ ঘিরে অভিনেত্রী তানজিন তিশা ও প্রযোজক শরীফ খানের মধ্যকার বিরোধ এবার আদালতে গড়াচ্ছে। অর্থ আত্মসাৎ, শিডিউল পাল্টানো এবং ভুয়া অজুহাতের অভিযোগ তুলে তিশার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই প্রযোজক।
ঘটনার শুরুটা হয় যখন জানা যায়, অগ্রিম প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়েও সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তানজিন তিশা।
তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী দাবি করেছেন, শরীফ খান আসলে মূল প্রযোজক নন, বরং লাইন প্রোডিউসার। ভিসা করাতে ব্যর্থ হওয়ায় তিনি কাজটি করতে পারেননি বলেও জানান।
প্রযোজক শরীফ খান পাল্টা অভিযোগ করে বলেন, শাকিব খানের সোলজার সিনেমার অজুহাত দেখিয়ে তিশাই বারবার শিডিউল পিছিয়েছেন, ভিসার দায়িত্বও তিনি নিজের ওপর নিয়েছিলেন।
টাইমস অব বাংলাদেশের হাতে এসেছে শরীফ খানের সঙ্গে তিশার হওয়া কথোপকথনের রেকর্ড ও স্ক্রিনশট।

সেই অডিওতে শোনা যায়, শাকিব খানের সিনেমার জন্য কলকাতার শুটিং পিছিয়ে দিতে অনুরোধ করছেন তিশা। পাশাপাশি এটাও বলছেন যে, তিনি নিজেই ভিসা ম্যানেজ করবেন।
এছাড়া শরীফ খান অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে করা চুক্তিপত্রও পাঠিয়েছেন। সেখানে শরীফ খান প্রযোজক হিসেবেই সই করেছেন, লাইন প্রোডিউসার হিসেবে নয়।
বুধবার শরীফ খান টাইমসকে নিশ্চিত করেন যে, খুব শিগগির তিনি তানজিন তিশার বিরুদ্ধে মামলা করবেন।

তিনি বলেন, ‘আমি অনেক ধৈর্য ধরেছি। ভদ্রভাবে টাকা ফেরত চেয়েছি। কিন্তু তিনি উল্টো মিথ্যাচার করে যাচ্ছেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন আইনের পথেই যাচ্ছি।’
চুক্তিভঙ্গ, অর্থনৈতিক ক্ষতিসাধন ও মানহানির অভিযোগে মামলা করবেন জানিয়ে এই ভারতীয় প্রযোজক বলেন, ‘দু’বার শিডিউল বদলাতে গিয়ে আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। ভিসা স্লট পাওয়াটাই কঠিন ছিল। আমরা স্লট ঠিক করেছি, কিন্তু সে দাঁড়ায়নি। তারপর আবার উল্টো আমাকেই দায়ী করছে!’
ভিসা স্লট বুকিংয়ের কাগজপত্রের ব্যাপারে শরীফ খান বলেন, ‘এটি আমরা বাংলাদেশের এক এজেন্সির মাধ্যমে করিয়েছি। তাদের কাছে সবকিছু আছে।’
তিশা দাবি করেছিলেন, প্রযোজক রাতদুপুরে ফোন দিয়ে অপেশাদার আচরণ করেছিলেন। কিন্তু শরীফ খান কললিস্ট ও মেসেজ দেখিয়ে পাল্টা বলেন, ‘যোগাযোগ শুরু করতেন তিশাই’।

একই সিনেমায় অভিনয়ের কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। তিনি সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আগাম টাকা ফেরত দিয়েছেন—এ তথ্যও তুলে ধরেন প্রযোজক।
এ ব্যাপারে বক্তব্য জানতে তানজিন তিশাকে ফোন করা হলে জানান, তিনি একটি লাইভ শোতে আছেন, যা বলার তা ফেসবুক পোস্টেই বলেছেন।
‘সোলজারের’ কারণে এই ছবি ছেড়ে দিয়েছেন কিনা জানতে চাইলে বলেন, ‘আমি তো তাদের জন্য অক্টোবর-নভেম্বর দুই মাস অপেক্ষা করেছি। তারা ভিসা করাতে পারে নাই, এখন আমার উপরে দোষ দিচ্ছে কেন? সোলজারে তো অনেক পরে আমি যুক্ত হয়েছি। এর আগেই তারা আমাকে ছাড়া অন্য আরেকজনকে দিয়ে শুটিং করিয়েছে।’
‘শরীফ খান তো রাত-বিরাতে কল দিত, তাই তার এরকম মিথ্যে অভিযোগ শোনার সময় নেই’, যোগ করেন তানজিন তিশা।


