তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘আমরা বিএনপি পরিবারের’ প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় চিকিৎসা সহায়তা এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমানের জন্মদিন নিয়ে তিনি বলেন, তিনি গতবারও জন্মদিন উদযাপন করেননি। এবারও তিনি নির্দেশ দিয়েছেন যাতে তার জন্মদিন উদযাপন না করা হয়। কত মানুষ অসুস্থ-ক্ষুধার্ত, অভাবের তাড়নায় বা হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছেন।
‘এ অবস্থায় কীভাবে জন্মদিন উদযাপন করবেন তারেক রহমান। একজন জাতীয় নেতা তিনি, দেশের মানুষ কীভাবে রয়েছে, জনগণ কীভাবে থাকে সে বিষয়টি মনের গভীর থেকে উপলব্ধি করতে পারেন বলেই তিনি জাতীয় নেতা। মানুষকে কষ্টে রেখে তিনি জন্মদিন উদযাপন করতে চাননি,’ যোগ করেন রিজভী।
বিএনপির এই নেতা আরও বলেন, গণতন্ত্রের পথচলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে। ক্ষমতায় টিকে থাকতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করেছিলেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে।
তিনি বলেন, শেখ হাসিনা মানবতা ধারণ করতে পারেননি বলে নিষ্ঠুরতা দেখিয়েছেন। তিনি যে নিষ্ঠুরতা করেছেন বাংলাদেশে, কেউ আর এমন নিষ্ঠুরতা করতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে। এ রায় অত্যন্ত ইতিবাচক। এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে। ক্ষমতাকে চিরস্থায়ী করতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল।
রিজভী বলেন, এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভোমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে। ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের কোনো মানবতা থাকে না। তাই শেখ হাসিনার মধ্যে মানবিক আচরণ ছিল না। রাষ্ট্রক্ষমতায় তিনি কঠোর ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন।
এ সময় বক্তব্য আরও দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, বিএনপি নেতা ফ ম মমতাজ উদ্দিন রেনু, ডা. মনোয়ারুল কাদির বিটু, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর পক্ষ থেকে এ আয়োজনে মানবিক এ কর্মসূচিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনির যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় নেতা বিশিষ্ট চিকিৎসক ডা. মনোয়ার কাদির বিটু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য নাজমুল হাসান, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ প্রমুখ।


