ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতেই নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়। ওই দিন বিকালে ঘটনার পরই উপাচার্য নিয়াজ আহমদ খান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি শিক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন।
গত বৃহস্পতিবার সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে।
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ক্যাম্পাসমুখী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস থামিয়ে দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন।
তবে এরপর আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হন বলে বিবৃতিতে জানানো হয়।
এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরিস্থিতি শান্ত করতে ও শিক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিতে উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, হল প্রভোস্ট এবং ছাত্রনেতারা সেখানে যান।
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিবের কাছে চিঠিও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।


