ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ফোরাম কানাডার উদ্যোগে টরন্টোর ড্যানফোর্থ এলাকায় এক্সেজপয়েন্ট মিলনায়তনে তৃতীয় ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কানাডায় চাকরিপ্রার্থীরা যেসব বাধার মুখে পড়েন, তা চিহ্নিত করা এবং সমাধানের পথ দেখানো ছিল সেমিনারের মূল লক্ষ্য।
কানাডার স্থানীয় সময় সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি রোকেয়া সুলতানা। সেমিনার পরিচালনা করেন ফোরামের সাবেক সভাপতি আব্দুল হালিম মিয়া। ক্যারিয়ারের পথ খুঁজে পেতে সদ্য অভিবাসী, নতুন গ্র্যাজুয়েট এবং পেশা পরিবর্তনে আগ্রহী তরুণদের উদ্দেশে বক্তব্য দেন অন্টারিও প্রদেশের পার্লামেন্ট সদস্য এমপিপি ডলি বেগম।
কর্মজীবনের অভিজ্ঞতা, চাকরির বাজারের চ্যালেঞ্জ, নেটওয়ার্কিং, পেশা পরিবর্তন এবং দক্ষতা উন্নয়নের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন সিআইবিসি ব্যাংকের সাবেক পরিচালক ও ব্যবসায়ী খালিকুজ্জামান, স্টেট স্ট্রিট কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং সিআইবিসি মেলন ব্যাংকের সাবেক পরিচালক নাজমুল খান, ইউনিভার্সিটি অব টরন্টোর সহযোগী অধ্যাপক সাফি ভুইয়া, মিনিস্ট্রি অব হেলথের ফুড অ্যান্ড নিউট্রিশন বিভাগের সুপারভাইজর মোশারফ খান, বায়েসের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক ইমাম উদ্দীন, ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার কামরুল হাফিজ, আমানেক্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্ট টেকনোলজি কানাডার সিইও মোহাম্মদ রাব্বি এবং ফোরামের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম হিরু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টুসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।
অনুষ্ঠান শেষে এমপিপি ডলি বেগম গত দুই দশক ধরে সমাজসেবায় ভূমিকার স্বীকৃতি হিসেবে ফোরামের সভাপতি রোকেয়া সুলতানার হাতে একটি স্মারক ক্রেস্ট তুলে দেন।
সেমিনার আয়োজনে সমন্বয়কের দায়িত্ব পালন করেন আখতার জামান। সহযোগিতা করেন তানজিলা আমিন, খোন্দকার সোহেল, সাজেদুন নাহার, হাবিবুল্লাহ পারভেজ, আসমা হক, নুরন্নাহার, রুমানা আহমেদসহ অন্যান্যরা।
সবশেষে আগামী ১৫ নভেম্বর শীতবস্ত্র বিতরণ, ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এবং পবিত্র রমজানে ইফতার আয়োজন সফল করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


