সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বুধবার সন্ধ্যায় পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. মাহদীজ্জামান জ্যোতিকে তাদের সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিগুলোতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পর শেখ তানভীর বারী হামিম তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, তিনি ষষ্ঠ শ্রেণি (২০১২) থেকে কলেজ জীবন (২০১৭) পর্যন্ত কোনো পদে না থেকেও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কেন্দ্রীয় সিদ্ধান্তের কথা জেনেছেন উল্লেখ করে তিনি বলেন, তিনি দলের একজন কর্মী-এই পরিচয়ই তার জন্য গর্বের।


