ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা’ শুরু হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নিয়াজ আহমদ খান বলেন, ‘ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার চেষ্টা ছিল।’
সভাপতির বক্তব্যে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘ওসমান হাদি কেবল বক্তৃতা ও বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। তিনি কাজের মাধ্যমে দেখিয়েছেন লড়াইটা কার বিরুদ্ধে।’
তিনি বলেন, ‘আধিপত্যবাদী শক্তি ভেবেছিল হাদিকে মেরে ফেললে তার আদর্শ নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু বাস্তবে দেশের প্রতিটি প্রান্তে ওসমান হাদি ছড়িয়ে পড়েছেন।’
বইমেলায় ২২টি প্রকাশনা সংস্থার স্টল রয়েছে। মেলা ১৮ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাকসুর সদস্য, সম্পাদকদের সঙ্গে তরুণ কলাম লেখক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।


