‘দুই ম্যাচ দেখে কাউকে নিচে নামাবেন না’

‘দুই ম্যাচ দেখে কাউকে নিচে নামাবেন না’
এবারের বিপিএলের সর্বোচ্চ রানের মালিক তাওহিদ হৃদয়। ছবি: রংপুর রাইডার্স
Advertisement
Advertisement

টপ অর্ডারে ছয় ইনিংসে ব্যাট করে ১০৬ রান, কিন্তু রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে চার ইনিংসে ব্যাট করে তাওহিদ হৃদয় করেছেন ২৭২ রান। এক সেঞ্চুরি আর ফিফটিতে চলতি বিপিএলের সর্বোচ্চ রান স্কোরার এই ডানহাতি ব্যাটার। রবিবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ছুঁয়েছেন বিপিএলের দ্বিতীয় সেঞ্চুরি। নতুন রোলে বেশ মানিয়ে নিলেও সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, দুই-তিন ম্যাচ দেখে কাউকে খুব প্রশংসা না করতে, একইসাথে ব্যর্থ হলে সেখান থেকে না নামাতে। 

রংপুর-নোয়াখালী ম্যাচে শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা উঠেছিল মূলত বাংলাদেশের টপ অর্ডার ব্যাটারদের ফর্ম নিয়ে। সেই হিসেবে হৃদয় যেহেতু টপ, মিডল কিংবা ওপেনিংয়েও ব্যাট করার সক্ষমতা রাখেন, সেক্ষেত্রে তাকে জাতীয় দলে ওপেনিংয়ে দেখার সম্ভাবনা আছে কিনা? 

রংপুরের হয়ে ৬৩ বলে ১০৯ রান করা হৃদয় সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কাছে মনে হয় যে আপনারা খুব তাড়াতাড়ি একজনকে অনেক ওপরে তুলেন আবার একজনকে অনেক নিচে খুব তাড়াতাড়ি নামান। তো আমার কাছে আমি রিকোয়েস্ট করবো ফ্রম প্লেয়ার সাইড যে আপনারা একটু ধৈর্য ধরুন।’

এদিকে তানজিদ তামিম, সাইফ হাসান আর পারভেজ ইমনের মধ্য থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং জুটি বেছে নেবে বাংলাদেশ। অবশ্য ইমন পারফর্ম করলেও চলতি বিপিএলে তানজিদ, সাইফরা সেভাবে বড় ইনিংস খেলতে পারেননি। যদিও এই দলটাই বছরখানেক ধরে খেলছে, তাদের ওপরই ভরসা রাখতে বলেছেন হৃদয়। 

হৃদয় আরো বলেন, ‘দেখেন লাস্ট একটা বছর ওরা সবাই ভালো পারফর্ম করেছে এবং লাস্ট কয়েকটা সিরিজও ভালো খেলেছে। এই মুহূর্তে আপনি কাকে রেখে কী করবেন? বিপিএল তো আপনি কাউন্ট করতে পারবেন না। ইন্টারন্যাশনাল খেলা আলাদা, বিপিএল খেলা আলাদা। তো দোয়া করেন যেন ভালো করে, সবাই যেন ভালো করে। তাহলে আপনার জন্যও ভালো, আমাদের জন্যও ভালো, দেশের জন্যও ভালো।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad