প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করলেন কনক দত্ত। ওয়ালিদ আহমেদ পরিচালিত ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রের গানে তার এই অভিষেক হয়। ওয়ালিদ আহমেদের লেখা ও সুরে এবং রুবেল ফ্লাইং কাইটস এর সংগীত পরিচালনায় ‘হৃদয়ের জমিনে’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
কনক দত্ত বলেন, সংগীত আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। অনেক বছর ধরে গান করছি, তবে চলচ্চিত্রে প্লেব্যাক করার সুযোগ এবারই প্রথম পেলাম। প্রতিটি শিল্পীর স্বপ্ন থাকে প্লেব্যাক করার। ‘ঢাকা ১২০৫’-এর সঙ্গে যুক্ত হয়ে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। নির্মাতা আমার কন্ঠে আস্থা রেখেছেন তাই আমি কৃতজ্ঞ।
দীর্ঘদিন ধরে রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, লোকসংগীত, ধ্রুপদী ও আধুনিক গানের চর্চার মাধ্যমে কনক দত্ত সংগীতপ্রেমীদের কাছে পরিচিত মুখ কনক দত্ত। এরই ধারাবাহিকতায় চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তার ক্যারিয়ারে একটি নতুন অধ্যায় যুক্ত করলেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘ঢাকা ১২০৫’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসাইন।


