‘ঢাকা শহরের ৬৫ শতাংশ ড্রাইভার কানে কম শোনেন’

‘ঢাকা শহরের ৬৫ শতাংশ ড্রাইভার কানে কম শোনেন’
পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

উচ্চমাত্রার শব্দদূষণের কারণে ঢাকা শহরের প্রায় ৬৫ শতাংশ চালকের শ্রবণক্ষমতা কমে গেছে বলে জানিয়েছেন পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘উচ্চশব্দের কারণে শতকরা ৬৫ ভাগ ড্রাইভার ঢাকা শহরে কানে কম শোনেন।’

রোববার রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি বাস্তবায়নে আয়োজিত এক জনসচেতনতামূলক সমাবেশে তিনি এ তথ্য জানান।

সমাবেশটির আয়োজন করে পরিবেশ অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিআরটিএ, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল এভিয়েশন)।

অকারণে হর্ন বাজানো একটি বদভ্যাসে পরিণত হয়েছে মন্তব্য করে উপদেষ্টা জানান, এই অভ্যাস পরিবর্তন না করলে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোনো অজুহাতেই হর্ন বাজানো যাবে না। প্রাথমিকভাবে হর্ন ব্যবহারের বিষয়টিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে জানান তিনি।

রিজওয়ানা হাসান বলেন, অন্যান্য ট্রাফিক আইন ভঙ্গের ক্ষেত্রে যেমন ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জরিমানা করা হয়, একইভাবে হর্ন বাজানোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

এ লক্ষ্যে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০২৫’ প্রণয়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই বিধিমালা বাস্তবায়নে পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে এবং ট্রাফিক পুলিশের সঙ্গে কাজ করার জন্য বেশ কিছু তরুণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এখন আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশের অংশ হিসেবে কাজ করছেন।

এ ছাড়া একটি শিশু যখন স্কুলে যায়, তখন অতিরিক্ত হর্নের শব্দ তার জন্য মারাত্মক অস্বস্তিকর হয়ে ওঠে। তিনি বলেন, শব্দদূষণ কমানোর দায়িত্ব শুধু সরকারের নয় বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। বিমানবন্দর এলাকার নীরব অঞ্চলকে হর্নমুক্ত করে একটি দৃষ্টান্ত স্থাপনের কথা উল্লেখ করে বলেন, সিভিল এভিয়েশন চাইলে স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই কার্যক্রম আরও জোরদার করতে পারে।

এ সময় উপদেষ্টা শব্দদূষণ নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, গণমাধ্যমকর্মীদের স্বপ্রণোদিত হয়ে জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে এবং নিজেদের দায়িত্বের জায়গা থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সমাবেশে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রণীত বিধিমালা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর