ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম সাইফুল ইসলাম (৪০)। তিনি ঢাকার ধামরাই উপজেলার গাছুয়াবাড়ি গ্রামের আজিজুল হকের ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারাগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, ধামরাই থানায় মাদক মামলায় বন্দী ছিলেন সাইফুল। তার হাজতি নম্বর ৭৩৮৭/২৬।


