ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১
নিহত মামুনের পরিচয়পত্র। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পুরান ঢাকার সুত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন।

সোমবার সকালে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের জাতীয় পরিচয় পত্র থেকে জানা যায়, তার নাম তারিক সাইফ মামুন (৫৫)। তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়।

নিহত সাইফ চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি।

ঢাকা ন্যাশনাল মেডিকেলের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, আনুমানিক বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

এ সময় তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান মহিবুল্লাহ। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে মামুনের ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। ব্যবসায়ী মামুনের সঙ্গে গাজীপুরে পরিচয় হয়েছিল বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগেও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হামলা হয়েছিল। তখন ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী নিহত হয়েছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad